উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নিত্যপণ্যের পাইকারি বাজার গড়ে ওঠার অভিযোগ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৩৮

রফিক উদ্দিন বাবুল, উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা রোহিঙ্গাদের পাইকারি বাজারের কারণে স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

উখিয়ার ব্যস্ততম এলাকা মরিচ্যা, কোর্ট বাজার ও উখিয়া সদরের প্রায় অর্ধ শতাধিক পাইকারি নিত্যপণ্য বিক্রেতা জানান, তারা আগে মুঠোফোনের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন আড়তে যোগাযোগ করে নিত্যপণ্য সামগ্রীর সরাসরি সরবরাহ নিতেন। পরবর্তীতে এসব মালামাল স্থানীয় খুচরা ব্যবসায়ীদের সরবরাহ করতেন। ব্যবসায়ীদের দাবি, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে গড়ে ওঠা দীর্ঘদিনের যোগাযোগ ও লেনদেন রোহিঙ্গা ব্যবসায়ীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উখিয়ার থ্রি স্টার ব্রাদার্সের মালিক সিরাজ সওদাগর জানান, রোহিঙ্গারা এদেশে আশ্রিত। তারা সরকারি ও বিভিন্ন এনজিও সংস্থা থেকে নিয়মিত ত্রাণসামগ্রী পাচ্ছেন। তারপরেও তাদের ব্যবসাবাণিজ্যের সুযোগ করে দেওয়া হয়েছে। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেন।

উখিয়ার পাইকারি ব্যবসায়ী প্রদীপ সেন বলেন, রোহিঙ্গারা সরাসরি চট্টগ্রাম থেকে নিত্যপণ্যের সরবরাহ নিয়ে কুতুপালং ক্যাম্প বাজারে গুদামজাত করছে। স্থানীয় খুচরা ব্যবসায়ীরা এসব রোহিঙ্গা বাজারে হাতের কাছে মালামাল পাওয়ার কারণে সেখান থেকেই মালামাল ক্রয় করছেন। এ অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

উখিয়ার পাইকারি ব্যবসায়ীরা রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক ব্যবসা বন্ধের দাবি জানিয়ে বলেন, ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেশ কয়েকবার অভিযান চালিয়ে রোহিঙ্গাদের দোকানগুলো গুঁড়িয়ে দিয়েছেন। কিছুদিন পর আবার ঐ রোহিঙ্গারা জমজমাট বাণিজ্যে জড়িয়ে পড়ে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্যাম্পের ভেতরে থাকা রোহিঙ্গা বাজারগুলো উচ্ছেদ করার প্রক্রিয়া চলছে।