চট্টগ্রাম নগরীতে ‘ক্লিন রোড ফ্রি রোড’ কর্মসূচি শুরু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৩৮

চট্টগ্রাম অফিস

নগরীর রাস্তা অবৈধ দখলমুক্তকরণ ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ‘ক্লিন রোড ফ্রি রোড’ কর্মসূচি গ্রহণ করেছে সিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান। এ সময় ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

নগরীর বিভিন্ন স্থানে ফুটপাত এবং রাস্তার ওপর দোকানপাট ও মালামাল রাখার কারণে পথচারী চলাচলে বিঘ্নিত হচ্ছে। প্রতিনিয়ত এর ব্যাপকতা বেড়েই চলেছে। ফলে সড়ক পরিষ্কার রাখতে ট্রাফিক বিভাগ ‘ক্লিন রোড ফ্রি রোড’ কর্মসূচি গ্রহণ করেছে।