নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দায় উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা এ সময় সাত-আটটি বসতবাড়ি ভাঙচুর করে। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয় জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার বলেন, ইউপি চেয়ারম্যান কালাম কাজীর হুকুমে আমাদের সমর্থিত লোকজনের ওপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে। এ সময় হামলাকারীরা আমার সমর্থিত কয়েকটি বাড়ি ভাঙচুর করে লুটপাট করে নেয়।
ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, উপজেলা চেয়ারম্যানের ভাই বাদল সরদার নিজে উক্ত গ্রামে গিয়ে তার লোকজন নিয়ে আমার সমর্থিত লোকজনের ওপর হামলা চালায়। আমার লোকজন পালটা হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
নগরকান্দা থানার ওসি শেখ সোহেল রানা বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মদন (নেত্রকোনা) সংবাদদাতা জানান, মদনে না বলে ঠেলাগাড়ি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের মাইজপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই আহত একজনের মা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন। পুুলিশ চিকিত্সাধীন অবস্থায় হাসপাতাল থেকে ছয়জনকে গ্রেফতার করে। ওসি মো. রমিজুল হক জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করে রবিবার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
