রামগড়ে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাতটি বসতঘর

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৪৩

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির রামগড়ে মাস্টারপাড়ায় শনিবার রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাতটি পরিবারের ঘর। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, শহরের উপকণ্ঠে টিএন্ডটি অফিস সংলগ্ন আবু তালেবের মালিকানাধীন সাতটি ভাড়াটিয়ার ঘর আগুনে পুড়ে যায়। রাত সোয়া ৮টার দিকে বাজারের হাজী বস্ত্রবিতানের মালিক মহসিনের ঘর হতে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এদিকে, আগুন লাগার একটু পরই দমকলবাহিনী ঘটনাস্থলে  পৌঁছে। স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে সাতটি পরিবারের ঘর একে একে পুড়ে ছাই হয়ে যায়।  রামগড় ফায়ার সার্ভিসকর্মী হায়াতুন্নবী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি।