চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী রাতে-দিনে এলাকা চষে বেড়াচ্ছে। নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন তারা। গতকাল রবিবার দুই প্রার্থী চান্দগাঁও থানার বিভিন্ন ওয়ার্ড ও বোয়ালখালী উপজেলা প্রচার অভিযান চালিয়েছে। দুই প্রার্থী এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছে।
প্রচারণাকালে বিভিন্ন পথসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দীন আহমদ বলেন, নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, শিল্পাঞ্চল আধুনিকায়ন, কালুরঘাট নতুন সেতু নির্মাণ করা হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
অপরদিকে, বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বিভিন্ন পথসভায় বলেন, কালুরঘাট সেতু বোয়ালখালীবাসীর দুঃখ। নির্বাচন এলেই বৈতরণী পার হওয়ার জন্য কালুরঘাট সেতু ইস্যু এনে হাজির করা হয়। আওয়ামী লীগ ১১ বছর ক্ষমতায় থেকেও এ সেতু নির্মাণ করতে পারেনি। আগামী এক বছরে যে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। এবারও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে তারা। তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বোয়ালখালী উপজেলায় আমার ধানের শীষের প্রচারণায় সাধারণ মানুষের ঢল দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে।
