g ইত্তেফাক রিপোর্ট
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নানা পণ্যে মূল্যছাড় চলছে। পণ্য কিনলেই ছাড়ের পাশাপাশি আরো নানা রকম সুবিধা দিচ্ছে বিভিন্ন কোম্পানি।
ওয়ালটন :রেফ্রিজারেটর ক্রেতাদের জন্য চমক নিয়ে এসেছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। মেলায় আকর্ষণীয় ডিজাইন ও ফিচারের বেশ কিছু নতুন মডেলের ফ্রস্ট এবং নন-ফ্রস্ট ফ্রিজ এনেছে ওয়ালটন। স্মার্ট রেফ্রিজারেটরের প্রি-বুকিংয়ে ১০ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে। মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে রয়েছে দেড় শতাধিক মডেলের রেফ্রিজারেটর, ফ্রিজার এবং বেভারেজ কুলার। মেলা থেকে যে কোনো মডেলের ফ্রিজ কিনলেই ১০ শতাংশ মূল্যছাড় পাচ্ছেন গ্রাহকরা। পাশাপাশি দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় ‘উইন্টার ফেস্টিভ্যাল’-এ রয়েছে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগসহ নিশ্চিত ক্যাশব্যাক। এসব সুবিধা উপভোগ করা যাবে বাণিজ্য মেলার শেষদিন পর্যন্ত। ওয়ালটনের সেলস ও বিপণন বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর শহিদুজ্জামান রানা জানান, মেলায় আকর্ষণীয় ডিজাইনের বেশ কিছু নতুন মডেলের ফ্রিজ এসেছে। নতুন ফ্রিজের ক্ষেত্রেও অন্য সুবিধার পাশাপাশি ১০ শতাংশ ডিসকাউন্ট থাকছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক এবং ওয়ালটন রেফ্রিজারেটর বিভাগের সিইও প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটনের স্মার্ট ফ্রিজটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯১০ টাকা। মেলায় ওয়ালটনের আপকামিং মডেলের ঐ স্মার্ট ফ্রিজের প্রি-বুক দিলে ১০ হাজার টাকা ছাড় মিলবে।
প্রাণ :ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাদ্যপণ্যের পসরা সাজিয়েছে দেশের অন্যতম বৃহত্ খাদ্যপণ্য প্রক্রিয়া ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। দুটি প্রিমিয়ার প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন ও বিক্রয় হচ্ছে। এসব পণ্য কিনলে ভোক্তারা পাচ্ছেন আকর্ষণীয় মূল্যছাড়। ভোক্তাদের চাহিদা ও পছন্দ বিবেচনায় রেখে করা হয়েছে ২০টির বেশি প্যাকেজ। ১২০ টাকা থেকে ১ হাজার ২৬০ টাকার এসব প্যাকেজে রয়েছে সর্বোচ্চ ২৬০ টাকা ছাড়। এছাড়া প্যাকেজের বাইরে পণ্য কিনলে ক্রেতারা পাবেন শতকরা ১০ ভাগ ছাড়। প্রাণের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক অরুণাংশু ঘোষ বলেন, মেলায় আগত দর্শনার্থীদের জন্য ১৪ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে দ্বিতীয় তলায় খাবারের আয়োজন রাখা হয়েছে। এখানে ভোক্তারা সাশ্রয়ী দামে স্বাস্থ্যসম্মত খাবার পাবেন। খাবারের মধ্যে রয়েছে—বার্গার, পেটিস, রোল, শর্মা, মম, চিকেন নান, রেডি টু ইট খিচুড়ি এবং সাসলিক যার মূল্য ৬০-১৫০ টাকার মধ্যে।
