নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল হোসেন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ও প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। বুধবার পাইকগাছা সরকারি কলেজ মাঠে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এসএম শফি উল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নবকুমার প্রমুখ।
কামারখন্দে নৌকার পক্ষে গণসংযোগ
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জ-২ (সদর আংশিক-কামারখন্দ) আসনের আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না নির্বাচনী এলাকা কামারখন্দ উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মুগবেলাই ও ঝাটিবেলাই গ্রামে নৌকার পক্ষে গণসংযোগ এবং চর নুরনগর গ্রামে নৌকা প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন হাবিবে মিল্লাত মুন্না এমপি। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান আমিনুল প্রমুখ উপস্থিত ছিলেন।
নৌকার সমর্থনে মালিক শ্রমিক সংগঠনের শোভাযাত্রা
সিংড়া (নাটোর) সংবাদদাতা নাটোরের-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার নৌকার সমর্থনে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম, রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি রোজ, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।
মাদারীপুরে আওয়ামী লীগ প্রার্থীদের মুক্তিযোদ্ধাদের সমর্থন
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধাদের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। সভায় সকল বিভেদ ভুলে গিয়ে স্বাধীনতা পক্ষের শক্তিকে ভোট দেয়ার আহ্বান জানানো হয়। মাদারীপুর জেলার তিনজন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবাইদুর রহমান কালু খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ। সভায় মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী নূর-ই-আলম লিটন চৌধুরী, মাদারীপুর-২ আসনের প্রার্থী শাজাহান খান এবং মাদারীপুর-৩ আসনের প্রার্থী আব্দুস সোবাহান গোলাপকে সমর্থন দিয়ে ভোট দেওয়ার অঙ্গীকার করা হয়।
নেত্রকোনায় নৌকার প্রার্থীর পক্ষে নারীদের প্রচারণা
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা-২ (নেত্রকোনা-বারহাট্টা) আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি আশরাফ আলী খান খসরুর পক্ষে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের প্রচার-প্রচারণায় ভোটারদের মাঝে ভীষণ আগ্রহের সৃষ্টি হয়েছে। প্রতিদিন কাকডাকা ভোর থেকে প্রচারণা শুরু হয়। আর এর নেতৃত্ব দিচ্ছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ এবং যুব মহিলা লীগের সভাপতি মঞ্জু সরকার। প্রতিদিন বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছেন মহিলা আওয়ামী লীগ সম্পাদক হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অর্পিতা খানম সুমী, মহিলা আওয়ামী লীগ নেত্রী সৈয়দা শামসুন্নাহার বিউটি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, যুব মহিলা লীগের সম্পাদক অনিতা নন্দী ও আওয়ামী লীগের নেত্রী সৈয়দা বাবলী। এছাড়া গ্রামাঞ্চলের নারীদেরও এই প্রচারণায় সংযুক্ত করা হয়েছে বলে মহিলা আওয়ামী লীগের সভাপতি জানিয়েছেন।
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীর পথসভা ও জনসভা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা বুধবার সন্ধ্যায় ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের মহাজোট ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল গাজনা ইউনিয়নের গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একং কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল স্কুল মাঠে দুটি বিশাল জনসভা করেছেন। এছাড়া এদিন মধুখালী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও ১০টি পথসভায় বক্তব্য রাখেন। রাতের জনসভা দুটিতে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি মো. আকরাম হোসেন মিয়া ও শেখ আ. জলিল সভাপতিত্ব করেন। ১০টি পথসভা ও দুটি জনসভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলিপ রায়, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কিরিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ওয়ার্কার্স পার্টির নেতা কেন্দ্রীয় মনোজ সাহা প্রমুখ।
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে প্রচারণা
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোটালীপাড়া উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে প্রধানমন্ত্রীর জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। তিনি ভাঙ্গারহাট বাজার, সাদুল্লাহপুর, লাটেঙ্গা, হাজরাবাড়িসহ বিভিন্ন বাজার ও গ্রামে লিফলেট বিতরণ করেন। পরে বিমল কৃষ্ণ বিশ্বাস সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে প্রধানমন্ত্রীর জন্য সাদুল্লাহপুর ইউনিয়নে জনসংযোগ করেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর জন্য ভোট চান। এ দিকে, বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি প্রধানমন্ত্রীর জন্য ভোট চেয়ে মোটারসাইকেল শোভাযাত্রা করেছে। শোভাযাত্রাটি টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকা প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমিতির সভাপতি কাজী ফখরুল আলম, সাধারণ সম্পাদক অভিজিত্ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবু বিশ্বাস ।
নৌকার বিজয়ের লক্ষ্যে রামগঞ্জে আওয়ামী লীগের সকল নেতা ঐক্যবদ্ধ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল নেতা ঐক্যবদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ড. আনোয়ার হোসেন খান। আনোয়ার হোসেন খান বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন এবং বৃহত্তম দল। এই দল থেকে আমি প্রার্থী হয়েছি এটি বড় কথা নয়, আমাদের নেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। তাই ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করতে হবে। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি আবারো ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার খানকে বিজয়ী করা মানে আমাদের নেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করা। বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দীন চৌধুরী নয়ন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী শক্তিরা অপতত্পরতা চালাতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
খানসামায় পররাষ্ট্রমন্ত্রীর
মতবিনিময় সভা
দিনাজপুর অফিস পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিএনপি মহাজোট যতই লাফালাফি করুক কোনো কাজে আসবে না। জনগণ তাদের অতীতের কর্মকাণ্ড ভুলেনি। বাংলাদেশের জনগণ জ্বালাও-পোড়াও রাজনীতি বর্জন করেছে। তাই নৌকাকে ভোট দিয়ে প্রমাণ করবে আওয়ামী লীগই একমাত্র উন্নয়নের দল। বৃহস্পতিবার আইলিড রেসিডেন্সিয়াল স্কুল মাঠে বণিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, সীমানা প্রাচীর ও গেট নির্মাণ, মা ও শিশু হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, ব্রিজ নির্মাণসহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। প্রত্যেকের বাড়িতে বিদ্যুত্ পৌঁছে গেছে। আবার অনেক কাজ চলমান রয়েছে। আর এসব কাজ চলমান ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিতে হবে। বণিক সমিতির সভাপতি আমিনুল হক সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
আওয়ামী লীগের নির্বাচন অফিসে বোমা বিস্ফোরণ
ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় আওয়ামী লীগের নির্বাচন অফিসে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জামায়াত নেতাসহ আট ব্যক্তিকে আটক করেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনার রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি আমিনুল ইসলাম। এছাড়া বুধবার ঘটনাস্থলে যান আওয়ামী লীগ প্রার্থী আক্তারুজ্জামান বাবু, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল হোসেন, জেলা পুলিশ সুপার এসএম শফি উল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নব কুমার ও উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলিয়া সুকায়না। ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় গদাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন বাদী হয়ে দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ এ পর্যন্ত অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ, সরদার আব্দুল মজিদ ও ডা. আব্দুস সাত্তারসহ আটজনকে আটক করা হয়েছে।
নাটোরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
নাটোর প্রতিনিধি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি সংসদীয় আসনের ৫৬৬টি ভোট কেন্দ্রের মোট ৮ হাজার ৫৯১ ভোট গ্রহণ কর্মকর্তাদের উপজেলা ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। নাটোর সদর-নলডাঙ্গা আসনের নাটোর সদর উপজেলার দেড় সহস্রাধিক এবং নলডাঙ্গা উপজেলার ৯ শতাধিক ভোট গ্রহণ কর্মকর্তাদের তিন দিনের পর্যায় ক্রমিক প্রশিক্ষণ দিঘাপতিয়া এম কে অনার্স কলেজে বৃহস্পতিবার শেষ হয়। মোট ২ হাজার ৩০৪ জন ভোট গ্রহণ কর্মকর্তা মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার-এই ৩ দিনের প্রশিক্ষণে আচরণবিধি, ব্যালট বাক্সের নিরাপত্তা, ভোট কেন্দ্রে প্রবেশ, ব্যালট পেপার প্রদানের উপকরণ, বাতিল ব্যালট পেপার, ভোট দান প্রক্রিয়া, প্রতিবন্ধীদের ভোট দানে সহায়তা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। জেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রহিম বলেন, প্রশিক্ষণকে সফল করতে সব রকমের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সাতক্ষীরায় আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা-২ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি নৌকা প্রতীকে ভোট চেয়ে শহরে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন হাসপাতাল মোড় থেকে বের হয়ে সুলতানপুর বড় বাজার পর্যন্ত নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি গণসংযোগ করেন। তিনি এ সময় লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগ নেতা তৌহিদুর রহমান ডাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জোসনা আরা, জেলা আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গণসংযোগকালে তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিতে হবে। তিনি এ সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি দ্বিতীয়বার এমপি নির্বাচিত হতে পারলে সাতক্ষীরাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো এবং সাতক্ষীরা জেলা শহরকে একটি মডেল শহরে পরিণত করবো।
