আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, বাসযোগ্য ঢাকা গড়তে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিকল্প নেই। গতকাল রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনি পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে তাপসের পাশে থাকতে হবে। বাড়ি বাড়ি গিয়ে তার জন্য ভোট চাইতে হবে। প্রতিটি থানা, ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় তাপসের পক্ষে কাজ করতে হবে।
আমির হোসেন আমু বলেন, ব্যারিস্টার তাপস একজন ক্লিন ইমেজের মানুষ। তিনি ঢাকা-১০ আসনের মানুষের ভালোবাসায় তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। ঢাকাকে পরিচ্ছন্ন শহরে সাজাতে তাকেই প্রয়োজন। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ছোটো মনে করা যাবে না। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নির্বাচনে কাজ করতে আহ্বান জানান আমু।
আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আর মাত্র ২৪ দিন বাকি। এই ২৪ দিন আমাকে দেবেন। তিনি বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে ধানমন্ডি-১০ আসন থেকে মনোনয়ন দেন। নির্বাচিত হওয়ার পর এলাকায় আমি ব্যাপক উন্নয়ন করেছি।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহ, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
