সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) মহাপরিচালক রাষ্ট্রদূত ম্যানুয়েল সাগের পাঁচ দিনের সফরে গতকাল রবিবার ঢাকা পৌঁছেছেন। এসডিসি হলো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার জন্য নিয়োজিত সুইজারল্যান্ডের সরকারি সংস্থা। কক্সবাজারে চলমান মানবিক সংকটসহ বাংলাদেশের মূল উন্নয়ন চ্যালেঞ্জসমূহ এবং বাংলাদেশে সুইস সহায়তায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ সম্পর্কে সম্যক ধারণা নেওয়া তার এই সফরের উদ্দেশ্য।
সফরকালে রাষ্ট্রদূত সাগের বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের বর্তমান গতি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
আজ সোমবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। সেখানে তিনি স্থানীয় সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে চলমান মানবিক সংকটের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন।
