বন্ড সুবিধার অপব্যবহার করে দুর্নীতি করার অভিযোগে দায়ের করা মামলায় ইসলামপুরের বস্ত্র ব্যবসায়ী জামাল উদ্দীন গ্রেফতার হয়েছেন। গত শনিবার গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। জামাল উদ্দীন ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির বর্তমান সহসাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মোট চারটি ফৌজদারি মামলা করা হয়।
জানা গেছে, ঢাকার কাস্টমস বন্ড কমিশনারেটের একাধিক প্রিভেন্টিভ টিম গত ২৪ অক্টোবর ডিবি পুলিশ সদস্যদের উপস্থিতিতে সদরঘাট এলাকার তৃপ্তি মেরিন মার্কেটের ৪র্থ তলায় অবস্থিত একটি গুদামে অভিযান চালায়। সেখান থেকে মোট ২ হাজার ৭৯০ কেজি অবৈধ বন্ডেড ফেব্রিকস আটক করে। এ ঘটনায় কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ আল মনছুর কোতোয়ালি থানায় মামলা করেন। ঐ মামলায় ১২ নম্বর আসামি জামাল উদ্দীন। তিনি জাসা ফ্যাশনের স্বত্বাধিকারী। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।
