ছাগলনাইয়া ক্রিকেট খেলতে গিয়ে প্রতিপক্ষের ক্রিকেট ব্যাটের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আশ্রাফুল হোসেন রাকিব (১১)। রবিবার বিকালে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। নিহত আশ্রাফুল হোসেন রাকিব এলনা পাথর গ্রামের ওমান প্রবাসী নুরুল হকের একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলনা পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই দল কিশোর ক্রিকেট খেলছিল। ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আশ্রাফুল হোসেন রাকিবের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে প্রতিপক্ষের খেলোয়াড় রিয়াজ উদ্দিন অপু (১৪)।
মাথায় ব্যাটের আঘাত লেগে সংজ্ঞাহীন হয়ে পড়লে আশ্রাফুল হোসেন রাকিবকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ১৮ বছরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণের কাজ
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'এ ঘটনায় জড়িত রিয়াজ উদ্দিন অপুকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।'
ইত্তেফাক/নূহু
