বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে আটক শতাধিক

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

সাতক্ষীরা : জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৫ জনকে আটক করা হয়েছে।  বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা থেকে ২১ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ২২ জন, শ্যামনগর থানা থেকে ৭ জন, আশাশুনি থানা থেকে ৭ জন, দেবহাটা থানা থেকে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

সেনবাগ (নোয়াখালী): সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান এবং সেনবাগ পৌর কাউন্সিলর হাজী মো. ইয়াছিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান গতকাল বিকালে ইত্তেফাককে জানান, সুনির্দিষ্ট মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

চৌমুহনী (নোয়াখালী): বুধবার রাতে বেগমগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ঘর পোড়ানো মামলায় বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি মীর জুমলা মিঠুকে সহযোগীসহ গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা):উপজেলায় আওয়ামী লীগ কর্মী শরিফুল ইসলাম হত্যা মামলার এক নম্বর আসামিসহ ১২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশ ও র্যাব বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে জুয়েল মিয়া, রফিকুল ইসলাম, ফুল মিয়া, আনিছুর রহমান, মাসুদ মিয়া, রুহুল মিয়া, লিটন মিয়াসহ ১২ জন। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুস সোবহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সাপাহার (নওগাঁ):সাপাহারে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমকে আটক করেছে সাপাহার থানা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার এশার নামাজ পড়ার জন্য হাসপাতাল মসজিদে গেলে হাসপাতাল গেট থেকে উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমকে সাপাহার থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

সুনামগঞ্জ:দোয়ারাবাজার উপজেলা দক্ষিণের জামায়াতে ইসলামীর আমীর ও লক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। তাদের নাম মো. দেলোয়ার হোসেন, মোঃ আব্দুস সাত্তার। স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নাশকতার অভিযোগে দোয়ারাবাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ এলাকায় নাশকতার পরিকল্পনার সময় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরনের অপরাধের কারণে থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ সুশীল রঞ্জন তালুকদার ২ জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

চন্দনাইশ (চট্টগ্রাম): লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র ছাতা প্রতীকের চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন (৪৫)-কেসহ ৪ জনকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। অপর আটককৃতরা হলো উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, পশ্চিম এলাহাবাদ এলাকার এলডিপি নেতা আবুল বশর ও মোঃ মামুন। চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী এলডিপি নেতাকর্মী আটকের সত্যতা নিশ্চিত করেন।

উখিয়া (কক্সবাজার): নির্বাচনী অফিস, প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগে উখিয়া থানা পুলিশ বৃহস্পতিবার সকালে সোনার পাড়া মেরিনড্রাইভ সড়ক থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশালে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় বিএনপির ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ঘটনায় আটক হয়েছে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ দুই বিএনপি নেতা। থানার ওসি আজিজুর রহমান বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদেরকে ছাড়া বিনা কারণে কাউকে হয়রানি না করতে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেরপুর (বগুড়া):গত বুধবার ও বৃহস্পতিবার পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি ইছাহাক আলী, উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাফিজার রহমান, বিএনপি কর্মী আব্দুস সালাম, মাসুদ রানা সবুজ ও বদিউজ্জামান বুইদা। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কমলগঞ্জ (মৌলভীবাজার): ছাত্রদল কর্মীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, পুলিশ গত দু’দিনে আমাদের ছাত্রদলের শিবলু, শিতিল, কাওসার ও যুবদলের শ্যামলকে গ্রেফতার করেছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান চারজনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, বিভিন্ন মামলার আসামি থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।