২ লাখ শিক্ষার্থীকে প্রযুক্তি প্রশিক্ষণ দিতে চায় কোডার্স ট্রাস্ট

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২০:২৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

সম্প্রতি কোডার্স ট্রাস্টের মূল ক্যাম্পাস বনানীতে ‘শিক্ষার্থীদের সনদপত্র এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গত ৫ বছরে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন এম জিয়াউল আলম, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষাসচিব, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক )-এর মহাপরিচালক (অতিঃ সচিব ) ড. মো. মফিজুর রহমান, কোডার্স ট্রাস্ট বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল হালিম এবং কে এস বি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডার্স ট্রাস্টের কো-ফাউন্ডার আজিজ আহমদ। কোডার্স ট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আতাউল গনি ওসমানী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  কোডার্স ট্রাস্টের কো-ফাউন্ডার  আজিজ আহমদ কোডার্স ট্রাস্টের প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যেই কোডার্স ট্রাস্টের জন্ম। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে শিক্ষিত যুবসমাজের অধিকাংশই বেকার এবং তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্দেশ্যেই কোডার্স ট্রাস্ট কাজ করছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আমেরিকান সফল ব্যবসায়ী সম্প্রতি ভ্যাটিকান এবং ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর ভবিষত্ কর্মপরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ  করেন কোডার্স ট্রাস্ট আগামী ২০২২ সালের মধ্যে প্রায় ২ লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করবে।