তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালার শাকদহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার ভোরে এক পথচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হচ্ছে বাইসাইকেল আরোহী আনিসুর রহিম বাবু (৪০)। বাসের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সাতক্ষীরা সদরের বাগডাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, রবিবার দুপুরে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস দ্রুত বেগে আসতে গিয়ে তালা উপজেলার শাকদহ ব্রিজের নিচে খালে পড়ে যায়। এতে ১০-১৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার সময় বাসের সামনে দিয়ে বাইসাইকেল নিয়ে বাবু যাচ্ছিলেন। তাকে নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়লেও বিষয়টি তখন জানা যায়নি।
