শিমুলিয়া ঘাটে যানজট

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:২১

মুন্সীগঞ্জ প্রতিনিধি

শিমুলিয়া ঘাটে গতকাল পারাপারে অপেক্ষায় ছিল তিন শতাধিক যানবাহন। সন্ধ্যায় এই রিপোর্ট লেখার সময় কনকনে শীতে বহু যাত্রী পারাপারে অপেক্ষায় দুর্ভোগ পোহায়। ঘনকুয়াশার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশপথ শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে সকালে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় যানজট বৃদ্ধি পায়। তবে সন্ধ্যায় আরও বেড়ে যায় যানজট।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার আব্দুল আলিম জানান, বৃহস্পতিবার ভোড় ৫টা থেকে এ নৌ-রুটের পদ্মার আববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়লে নৌরুটের চলাচলরত ১৬টি ফেরিই বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এ সময়ে কপোতী, ড্রাম ফেরি লেটিং ও যমুনা ফেরিকে যানবাহনসহ মাঝ পদ্মায় নোঙর করতে বাধ্য হয় ফেরির মাস্টার ও চালকরা। অপরদিকে বিপুল সংখ্যক যানবাহনসহ রোরো ফেরি এনায়েতপুরী, জাহাঙ্গীর, কেটাই কাকলী ও ড্রাম ফেরি রামশ্রীসহ বেশকটি ফেরি লোড অবস্থায় শিমুলিয়া ও কাঁঠালবাড়ী ঘাটে অপেক্ষা করতে থাকে। পরে সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো সকাল সাড়ে ৮টার দিকে ঘাট থেকে নিজ নিজ গন্তব্যে ছেড়ে যায়।