মুজিববর্ষ উপলক্ষ্যে সড়কের নামকরণ ও চারা রোপণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারীতে মুজিববর্ষ উপলক্ষ্যে সোমবার মুজিববর্ষ সড়ক উদ্বোধন এবং ২ হাজার ২০টি গাছের চারা রোপণ করা হয়েছে। ভূরুঙ্গামারীর বিজয় স্তম্ভ সড়ক থেকে সোনাহাট জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটিকে মুজিববর্ষ সড়ক নামকরণ ও সড়কের দুই ধারে গাছের চারা রোপণ উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।
শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর স্মরণসভা
পাবনা প্রতিনিধি দেশবরেণ্য শিল্পপতি, পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়। রবিবার রাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ। ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন স্যামসন এইচ চৌধুরীর ছোটো ছেলে, স্কয়ার গ্রুপের পরিচালক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। ক্লাবের সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সম্পাদক রণেশ মৈত্র, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি ও সাবেক সম্পাদক আব্দুল মতীন খান।
নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা গোয়ালন্দে সোমবার নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন প্রমুখ।
লালমনিরহাটে বিজ্ঞান ও সাহিত্য উত্সব
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে বিজ্ঞান ও সাহিত্য ক্লাবের আয়োজনে ৬ ও ৭ জানুয়ারি প্রথমবারের মতো বিজ্ঞান ও সাহিত্য উত্সব শুরু হয়েছে। সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সোমবার এই উত্সবের উদ্বোধন হয়। এ উপলক্ষ্যে স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবী ও কবি ফেরদৌসী বেগম বিউটি, ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক সাজেদুল ইসলাম, লালমনিরহাট বার্তার সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুর রব সুজন, বিজ্ঞান ও সাহিত্য ক্লাবের সভাপতি গোলাম মুরাদ প্রমুখ।
ডোমারে পাট চাষিদের প্রশিক্ষণ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উত্পাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ডোমারে সোমবার দিনব্যাপী পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অফিদপ্তর ডোমার। উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মহিবুর রহমান লোহানীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সবনম প্রধান অতিথি ছিলেন।
প্রবীণদের মধ্যে উপকরণ প্রদান
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জীবননগরের উথলী ও বাঁকা ইউনিয়নের অসহায় প্রবীণদের মধ্যে সোমবার শীতবস্ত্র, সহায়ক উপকরণ লাঠি, হুইল চেয়ার ও বয়স্কভাতা দেওয়া হয়েছে। ঐ দুই ইউনিয়নের প্রায় সাড়ে ৪০০ দরিদ্র মানুষের হাতে এ উপকরণ তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বাঁকা ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে বাঁকায় ও উথলী ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি দাউদ হোসেনের সভাপতিত্বে উথলীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
ডায়াবেটিস আক্রান্তদের নিয়ে আলোচনা সভা
গোপালগঞ্জ প্রতিনিধি ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়ে সোমবার আলোচনা সভা করেছে গোপালগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বিনামূল্যে ওধুষ বিতরণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী মো. ইমরুল কায়েস। সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক মনোজ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ফরিদপুরের সাবেক সিভিল সার্জন ডা. এ আর দাস।
বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে মতবিনিময় সভা
ময়মনসিংহ প্রতিনিধি ‘বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ’ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম গালিব খান ও জেলা ম্যাজিস্ট্রেট মায়েশা হক।
মুজিববর্ষ উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে সোমবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এ এইচ এম গিয়াস উদ্দিন। আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান প্রমুখ।
ভোক্তা অধিকার সেমিনার অনুষ্ঠিত
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা রাজৈরে সোমবার ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় আছমত আলী খান অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোতালেব মিয়া, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা প্রমুখ।
চলনবিল বন্ধু সংঘের কমিটি গঠন
সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় আবু জাফর সিদ্দিকীকে সভাপতি, আশিকুর রহমান স্বদেশকে সাধারণ সম্পাদক ও আ. করিমকে সাংগঠনিক সম্পাদক করে পুনরায় চলনবিল বন্ধু সংঘের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি। আগামী তিন বছর (২০২০-২০২২ সাল) এই কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি আবু বক্কর সিদ্দিকী, রমজান আলী, মিজানুর রহমান, আমিরুল ইসলাম, রায়হান ইসলাম, হাসমত আলী, রাসেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ।
ঝিনাইদহে দুই দিনব্যাপী শিশুমেলা শুরু
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশুমেলা। জেলা তথ্য অফিসের আয়োজনে এ উপলক্ষ্যে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মেলার উদ্বোধন করা হয়। পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার।
