ইত্তেফাক রিপোর্ট
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সব স্তরের কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে রাজস্ব আদায় বাড়াতে চান নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। দায়িত্ব পাওয়ার পর গতকাল সোমবার থেকে এনবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তিনি। গতকাল দুপুরের পর তিনি রাজস্ব ভবনে এসে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে রাজস্ব প্রশাসন, রাজস্ব আদায়ের বিদ্যমান পরিস্থিতি নিয়ে নতুন চেয়ারম্যানকে বিস্তারিত তুলে ধরার প্রস্তুতি ছিল এনবিআরের কর্মকর্তাদের। তবে এ বিষয়ে আজ মঙ্গলবার বৈঠক হওয়ার পর রাজস্ব আদায় বাড়াতে কিছু দিকনির্দেশনা দিতে পারেন তিনি।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে বর্তমানে রাজস্ব আদায়ে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে এনবিআর। কীভাবে রাজস্ব আদায় বাড়ানো যায়, এ বিষয়ে আজকের বৈঠকে হয়তো কোনো দিকনির্দেশনা আসতে পারে। তবে সোমবারের সভায় নতুন চেয়ারম্যান সবার সহযোগিতায় রাজস্ব আদায় বাড়াতে চান বলে জানিয়েছেন।
চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এনবিআরের লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে ঘাটতি প্রায় ২৭ হাজার কোটি টাকা। আলোচ্য সময়ে ১ লাখ ১০ হাজার ৫০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে প্রায় সাড়ে ৮৩ হাজার কোটি টাকা। এ পরিস্থিতিতে বিশাল রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনই নতুন চেয়ারম্যানের জন্য অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
