মুগ্ধর মুগ্ধতা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:১৮

স্পোর্টস রিপোর্টার

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আবিষ্কার বলা হচ্ছে মুকিদুল ইসলাম মুগ্ধকে।

না, খুব বেশি উইকেট পাননি। পাঁচটা মাত্র ম্যাচ খেলেছেন, তাতে উইকেট চারটি। কিন্তু ওই পাঁচ ম্যাচেই গতির যে ঝলক দেখিয়েছেন, তাতে অনেকেই তাকে নিয়ে ভবিষ্যতের বাজি ধরছেন। এবারের বিপিএল বাংলাদেশি পেসারদের জন্য খুব ভালো যাচ্ছে। এরকম একটা টুর্নামেন্টে নিজেকে মেলে ধরার পর মুগ্ধ বলছেন, তিনি গতি নয়, লাইন-লেন্থে মনোযোগটা বাড়াতে চান।

মুগ্ধকে নিয়ে এখন যে আলোচনা সেটা মূলত তার গতিকেন্দ্রিক। এত তরুণ একজন বোলার হয়েও গতির যে ঝলক তিনি দেখিয়েছেন, তাতে অনেকেরই মনোযোগ কেড়েছেন। কিন্তু বয়স কম হলেও চিন্তাভাবনা খুব অপরিণত নয় মুগ্ধর। তিনি বলছিলেন, গতি নয়, আসল কাজটা করতে হবে লাইন ও লেন্থ নিয়ে। সেই সঙ্গে ফিটনেস বাড়ানোটাও যে খুব জরুরি, সেটা তিনি বুঝতে পারছেন। গতকাল বলছিলেন, ‘গতি চাইলে বাড়ানো যাবে। গতির দিকে মনযোগ না দিয়ে লাইন লেংথ নিয়ে ভাবছি। গতি বাড়াতে কাজ করতে হবে, ফিটনেস ঠিক রাখতে হবে, ফিটনেসে জোর দিতে হবে।’

মুগ্ধর দল রংপুর রেঞ্জার্সের অবস্থা টুর্নামেন্টে ভালো নয়। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে খাদের কিনারে দাঁড়িয়ে আছে দলটি। এখন সেরা চারে যেতে গেলে নিজেদের সব ম্যাচ জেতার পাশাপাশি খুলনা ও কুমিল্লার পরাজয় কামনা করতে হবে। মুগ্ধ বলছিলেন, তাদের দলের সবাই নিজেদের কাজটা অন্তত ভালোভাবে করতে চান। তারা এখনো আশা ছাড়ছেন না, ‘টিমের অবস্থা ভালো; আবার খারাপও। কারণ পরবর্তী পর্বে যাওয়া আমাদের সুযোগ নেই, সম্ভাবনা খুব কম। তবে সবাই চেষ্টা করছে, চেয়েছে সেমিতে ওঠার। সবাই তো স্বপ্ন দেখে চ্যাম্পিয়ন হবে, সবাই চায়। ভালো খেলছে সবাই কিন্তু ভাগ্য সহায় হয়নি।’

এখনও শেষ স্বপ্ন নিয়ে লড়াই করে যেতে চান মুগ্ধরা। তিনি বলছিলেন, ‘ম্যাচ দুইটা আছে, যদি রান রেট ঠিক রাখতে পারি ও জিততে পারি তাহলে হয়তো কিছুটা সম্ভাবনা থাকতে পারে।’

এই টুর্নামেন্টে মুগ্ধদের কাছাকাছি বয়সের আরেক তরুণ মেহেদী হাসান রানা খুব ভালো করছেন। এরকম যারা ভালো করছেন, তাদের দেখেও শেখার সুযোগ আছে বলে মনে করছেন তরুণ বোলার মুগ্ধ, ‘হাসান তো অনেক ভালো বল করছে। সে অবশ্যই ভালো বোলার। গতিও আছে, লাইন লেংথ ভালো। শেখার অনেক কিছুই আছে তাদের দেখে।’

তার দলের বাকি খেলোয়াড়রাও তাকে আরো ভালো বোলিংয়ের জন্য সহায়তা করছেন বলে মুগ্ধ বলছিলেন। দল থেকে কেমন সমর্থন পাচ্ছেন, সেটা বলতে গিয়ে বললেন, ‘টিম থেকে সবাই তো ভালোটাই বলে যে কীভাবে বল করতে হবে, কীভাবে করলে এই লেভেলে ভালো করা যায়। সবকিছুই শিখতেছি তাদের কাছ থেকে।’