স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের বেশ কয়েক জন আম্পায়ার আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা পেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আইসিসির কোনো ইভেন্টে দায়িত্ব পাননি কেউ। অবশেষে সেই রেকর্ডটা একসাথে স্পর্শ করতে যাচ্ছে শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আজই এই টুর্নামেন্টের উদ্দেশ্যে দেশ ছাড়বেন এই দুই আম্পায়ার। খেলোয়াড়ী জীবনে সৈকত ছিলেন বাহাতি স্পিনার। ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। আম্পায়ার হিসেবে ৪১টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সাবেক অলরাউন্ডার মুকুল আম্পায়ার হিসেবে ৬টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।
