শিরোপা মেরিন একাডেমি স্কুলের

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:১৯

চট্টগ্রাম জেলার শীতকালীন ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জেলা পর্যায়ের ৪৯তম শীতকালীন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে।

গত রবিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে মেরিন একাডেমি স্কুল ৬ উইকেটে নগরীর ঐতিহ্যবাহী নাসিরাবাদ সরকারি স্কুলকে পরাজিত করে।

টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়ে নির্ধারিত ১০ ওভারে নাসিরাবাদ স্কুল করে ৮ উইকেটে ৭৫ রান করে। জবাবে মেরিন একাডেমী স্কুল ৯ ওভার ২ বলে চার উইকেট হারিয়ে ৭৮ রান তুলে জয়ী হয়।

চট্টগ্রাম জেলার ৪৯তম শীতকালীন ক্রীড়ায় পাহাড়তলী থানার সাফল্য

হালিশহর হাউজিং সেটেলমেন্ট পাবলিক স্কুলের ছাত্রদের কৃতিত্বে নগরীর পাহাড়তলী থানা চট্টগ্রাম জেলা পর্যায়ের ৪৯তম শীতকালীন অ্যাথলেটিক্সে দলগত শিরোপা পেয়েছে। অন্যদিকে রানার্সআপ হয়েছে বন্দর থানা। গতকাল সোমবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১৫টি উপজেলা এবং ছয়টি থানাসহ মোট ২১টি দলের ১২০ জন প্রতিযোগী ৩২টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে।

বালক বড়ো গ্রুপের ১০০ মিটার স্প্রিন্টে হাউজিং পাবলিক স্কুলের ছাত্র মাহিনুর এবং বালক মধ্যম গ্রুপের ১০০ মিটার স্প্রিন্টে একই প্রতিষ্ঠানের ছাত্র সাফওয়ান প্রথম স্থান লাভ করে দ্রুততম ছাত্রের খেতাব পেয়েছে।  প্রতিযোগিতা শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু হাসান সিদ্দিক ও মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক দেবব্রত দাশ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।