গাজীপুরে বিএনপি প্রার্থী সালাহউদ্দিনসহ ২৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:২৩

১২ জন জেলহাজতে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী সালাহউদ্দিন সরকারসহ ২৩ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সাথে ১২ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। জামিনে থাকা নাশকতার একটি মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে গেলে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিন বাতিল করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

যাদের জেলহাজতে পাঠানো হয়েছে তারা হলেন ডুয়েট শিক্ষক সমিতির সাবেক সভাপতি সিরাজুল হক মোল্লা, গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানবীর আহমেদ, ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খাইরুল আলম, বাসন থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ বাচ্চু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কালিম লস্কর, মহানগর মহিলা দলের সভানেত্রী শিরিন চাকলাদার, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ, বিএনপি নেতা আলতাব হোসেন, ইজাদুর রহমান, কামরুল ইসলাম ও রিপন মিয়া। এদের অনেকেই সালাহউদ্দিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য।

আদালত সূত্রে জানা গেছে, নাশকতার একটি মামলায় জামিনে থাকা গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন সরকারসহ ৩৫ জনের বিরুদ্ধে কয়েকদিন আগে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গতকাল বৃহস্পতিবার ছিল ওই মামলার পূর্ব নির্ধারিত হাজিরার তারিখ। সকালে সালাহউদ্দিন সরকারসহ কয়েকজন আসামি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা আক্তারের আদালতে হাজির হয়ে পুনরায় জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক বিকালে আদেশ দেওয়ার ঘোষণা দেন। এরই মধ্যে জামিন বাতিল হতে পারে এমন আশঙ্কায় সালাহউদ্দিন সরকারসহ কয়েকজন সটকে পড়েন। বিকালে আদালতের কার্যক্রম শুরু হলে বিচারক কাঠগড়ায় উপস্থিত ওই ১২ নেতার জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর এবং সালাহউদ্দিন সরকারসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।