শেরপুরে ডলার ব্যবসায়ী আটক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২৩:২১

বগুড়ার শেরপুরে হেরোইন উদ্ধার করতে গিয়ে ডলার ও টাকা উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কার্তিক চন্দ্র সরকার (৪৮) নামের এক ডলার ব্যবসায়ী ও তার গাড়ি চালককে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ঘোগাব্রিজ এলাকা থেকে প্রাইভেটকারসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় গাড়ি চালক ফরিদুল ইসলামকেও (২০) আটক করা হয়েছে।

কার্তিক ঢাকার আশুলিয়া থানার শিমুলিয়া গ্রামের মৃত রবিন্দ্র লাল সরকারের ছেলে।

জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সার্কেলের কর্মকর্তাদের কাছে সংবাদ আসে জয়পুরহাট সীমান্ত থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমান হেরোইন ঢাকার দিকে যাচ্ছে। এখবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলামের নেতৃত্বে  পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মহাসড়কের উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় অবস্থান নেয়।

সন্ধ্যায় প্রাইভেটকারটি পৌঁছিলে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য আটক করে। পরে কার্তিক সরকারের হেফাজত থেকে হেরোইনের পরিবর্তে উদ্ধার করা হয় ৬২ হাজার ১৫০ মার্কিন ডলার, নগদ ৫৭ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন। এসময় প্রাইভেটকারসহ চালক ফরিদুল ইসলামকে আটক করা হয়।

শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম বলেন, উদ্ধার হওয়া ডলার বিষয়ে কার্তিক সরকার সন্তোষজনক জবাব দিতে পারেনি। তার নামে শেরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/আরকেজি