কেরানিগঞ্জে রাসায়নিক গুদামে বিস্ফোরণে ক্ষতি ৩০ লক্ষাধিক টাকার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০০:৪৮

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব বন্দডাকপাড়া আবাসিক এলাকায় গত রবিবার  মারুক আহমেদের তিনটি কেমিক্যালের গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে এবং বিস্ফোরণের আঘাতে একটি মসজিদসহ ২৬টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। এদিকে তিনটি বিস্ফোরণের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় থাকা ৩০ জন কেমিক্যাল গোডাউন মালিকদের নিয়ে এক জরুরি মিটিং হয়। তাদের সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। যেন গোডাউন মালিক নিজ উদ্যোগে কেরানীগঞ্জের আবাসিক এলাকা থেকে রাসায়নিকের অবৈধ গুদাম সরিয়ে নেয়। যদি কোনো গোডাউন মালিক নির্দেশ অমান্য করে তবে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।

জানা গেছে, বিস্ফোরণে ২৬টি বাড়ির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খলিল, নাসির উদ্দিন, আজিম, পারভিন আক্তার, ফারুক, হারুল, নুরু মিয়া, বুলবুল মান্নান, শাহিন, হাকিম, শাহব উদ্দিন,  রাজ্জাকসহ ১৮ জনের বাড়ি।