বালু বহনকারী খোলা ট্রলি কেন জনবহুল রাস্তায়?

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:৩১

রাস্তায় মালামাল বহনকারী বাহনের মধ্যে অন্যতম ট্রলি। মালামাল বহনে মানুষের অনেক উপকারে এলেও অনেক ক্ষতিকরও বটে। সড়ক দুর্ঘটনার কারণ এটি। এলোমেলোভাবে ও অতিরিক্ত সিপডে ট্রলি চালিয়ে অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটানো হয়েছে। এগুলোর ড্রাইভাররা প্রশিক্ষিত নয়। হাজারে একটি ট্রলিরও ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই। ট্রলি শব্দদূষণেরও প্রধান কারণ। এসব সমস্যার পাশাপাশি ট্রলি এখন পথচারীদের চোখমুখ বালিতে ভরে দিচ্ছে। জনবহুল রাস্তায় ট্রলিতে বালি নিয়ে নির্দ্বিধায় মারাত্মক সিপডে চালাতে দেখা যাচ্ছে। আর বালি উড়িয়ে ভীষণ বিপদে ফেলছে মানুষকে। বিশেষ করে বাইকচালক, ভ্যানচালক, রিকশাচালক, পথচারী ও স্কুল-কলেজের কোমলমতি শিশুদের পোশাকসহ সকলের শরীর মারাত্মকভাবে বালিতে ভরে যাচ্ছে। অথচ বালি বহনকারী ট্রলিটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। তাই এ বিষয়ে প্রশাসনিক আদেশ প্রয়োজন।  বিষয়টি ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আজিনুর রহমান লিমন

আছানধনী মিয়া পাড়া,

চাপানী হাট, ডিমলা, নীলফামারী