মহাদেবপুরে দোকান কর্মচারীর লাশ উদ্ধার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১১:৩৫

নওগাঁর মহাদেবপুর উপজেলায় দুলাল হোসেন মণ্ডল (৪৫) নামে এক দোকানের কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। দুলাল হোসেন সদর ‍উপজেলার একটি ভাঙরির দোকানের কর্মচারী ছিলেন।

 

দুলাল হোসেন উপজেলার উত্তরগ্রাম দোকানদার পাড়া এলাকার মৃত তাছের আলী মণ্ডলের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুলাল সোমবার সকালে দোকানে চলে আসেন। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে মঙ্গলবার সকালে মহাদেবপুর-মাজাতী সড়কের মন্ডপতলী এলাকায় পাকা রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

 

মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার কিভাবে মৃত্যু হয়েছে তার অনুসন্ধান চলছে।

 

ইত্তেফাক/এএম