গ্রাহকের সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘সকস বাংলাদেশ’ নামে একটি ‘এনজিও’। এ ঘটনায় ভুক্তভোগীরা ‘এনজিও’ অফিসের সামনে টাকার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার ভোলার পূর্ব ইলিশা পরানগঞ্জ বাজার সংলগ্ন বিশ্ব রোডের পাশে মীর টাওয়ারের এ ঘটনা ঘটে। অসহায় এসব ভুক্তভোগীরা বলছেন তাদের কষ্টের অর্জিত টাকা সঞ্চয় করছিলেন। কিন্তু ১০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে সেই ‘এনজিও’।
গ্রাহক আলিম, ইউসুফ, পারুল বিবি, ফাতেমা, মরিয়ম, আয়েশা, ইয়ানুর, মরিয়ম, পারভিন, হাজেরা, নারগিস, রতন, আক্তার, দিদার মোল্লা, মফিজ মোল্লা বলেন, ‘সকস বাংলাদেশ’ নামে একটি এনজিও মীর টাওয়ারে ভাড়া নিয়ে দুই সপ্তাহ ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তারা আমাদের এলাকায় গিয়ে ঋণ দিবে বলে জনপ্রতি ৭৫০০, ৫০০০, ৩০০০ সঞ্চয়ের টাকা নিয়েছে।
এই ভুক্তভোগীরা আরও জানান, মঙ্গলবার সকালে আমাদেরকে লোন দেওয়ার কথা ছিলো। আমরা লোন (ঋণ) নিতে এসে দেখি অফিস তালাবদ্ধ। একটি সাইনবোর্ড ছিলো তাও খুলে নিয়ে গেছে। এখন আমরা কি করবো? আমরা অসহায় মানুষ। সুদের উপর টাকা নিয়ে এখানে সঞ্চয় জমা দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না পাবো আমরা এই অফিসের সামনে বসে থাকবো।
বাড়ির মালিক মীর আনোয়ার হোসেন বলেন, আমাদের সঙ্গে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়ে গেছে।
ভোলা সদর থানার এসআই রফিকুল ইসলাম ফিরোজ বলেন, আমরা খবর পেয়েছি একটি ভুয়া এনজিও গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনাস্থলে এসে ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলেছি। আমরা চেষ্টা করবো ভুয়া এনজিও সনাক্ত করে গ্রাহকদের টাকা উদ্ধার করার।
ইত্তেফাক/জেডএইচ
