বিনোদন রিপোর্ট
সুরকার-সংগীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত এক নাম আশিকুজ্জামান টুলু। দীর্ঘ প্রবাস যাপনে কানাডা থাকলেও তার সুরের সঙ্গে বাংলাদেশের সংযোগ থেমে থাকেনি। সম্প্রতি তার কন্যা রদিয়ার গাওয়া মৌলিক গান ‘এমনও দিনে’ গানটি শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এদেশে নিজের নতুন গান ও অন্যান্য কাজের পসরা নিয়েই দেশে এসেছেন তিনি। তবে এবারে চমক দেওয়ার মতোই খবর দিচ্ছেন অগণিত জনপ্রিয় গানের সুরস্রষ্টা আশিকুজ্জামান টুলু। ‘টুলুর গল্প’ নামে একটি গ্রন্থ প্রকাশ করছেন তিনি। যে বইয়ে নিজের যাপিত জীবনের নানা অপ্রকাশিত কথাগুলো তিনি লিখেছেন। আত্মজীবনীমূলক এই বই প্রসঙ্গে টুলু বলেন, ‘প্রবাসে থাকার অভ্যেসটাই আমাকে এই গদ্যগুলো লেখার ফুরসত করে দিয়েছে। কারণ বিদেশের মাটিতে গান নিয়ে দিন-রাতের ব্যস্ততা আমার নেই। তাই বেশকিছু সময় আমি পাই, যা কাজে লাগিয়েছি। আসলে সৃজনশীল মানুষেরা যখন যেখানেই যাক না কেন, যেকোনো একটি শাখায় তার বিচরণ ঘটবেই। সেভাবেই আমি নিজের অবসরগুলো কাজে লাগালাম এই লেখালেখি করে।’
শুধু টুলুর গল্পই নয়, এবারে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। পুরানা ঢাকার এক দারুণ বাস্তবতা নিয়ে তৈরি নিজের লেখা চিত্রনাট্য নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘পাঁচানি’ নামের একটি টেলিফিল্ম। হঠাত্ এই চর্চা প্রসঙ্গে আশিকুজ্জামান টুলু বলেন, ‘এটা আমার খেয়াল বলতে পারেন। আমি যে কাজ করেছি খুব মনপ্রাণ দিয়ে ভালোবেসে করেছি এবং কোথায় থামতে হয় সেটা আমি জানি। নিজের বেজ গিটার বাজানো, চাইম আর্ক নামের দুটি ব্যান্ডকে প্রতিষ্ঠা দেওয়া থেকে শুরু করে যখন সফল হয়েছি তখন থেকেই নিজের ভেতরে এক ধরনের আত্মবিশ্বাসটা কাজ করে। আমি নির্মাণটাও সেভাবেই রাখতে চাই। আমি আমার ভক্ত-দর্শকদের এটুকু আশ্বস্ত করতে চাই যে, যদি আমার পাঁচানি নামের এই টেলিফিল্ম কোনো কারণে দর্শকগ্রহণযোগ্যতা না পায়, আমি অবশ্যই আর কখনোই এ পথে হাঁটবো না। তাই টেলিছবি বা ছবি নির্মাণটা আমার লেটেস্ট প্রেম বলতে পারেন।’ ঢাকার বিভিন্ন লোকেশনে এই টেলিফিল্মের কাজ শেষ করে তবেই কানাডা ফিরবেন বলে জানান তিনি।

