বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান এবং চলচ্চিত্রবিষয়ক উচ্চশিক্ষার প্রসারে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারাহনাজ ফিরোজ এবং উপাচার্য অধ্যাপক ড. মো. শরীফ নাফে আস-সাবের। চলচ্চিত্র নির্মাণ, গবেষণা ও শিক্ষাদানে কয়েক দশকের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
মতিন রহমানের কর্মজীবন কেবল চলচ্চিত্র পরিচালনায় সীমাবদ্ধ নয়। নির্মাতা হিসেবে বাণিজ্যিক চলচ্চিত্রে পরিচিতি অর্জনের পাশাপাশি অভিনয়, গবেষণা ও প্রাতিষ্ঠানিক চলচ্চিত্র শিক্ষার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি নতুন প্রজন্মকে চলচ্চিত্রের ভাষা ও কারিগরি প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করিয়ে দিতে কাজ করছেন দীর্ঘদিন ধরে।
১৯৫২ সালের ১৮ মার্চ নওগাঁ জেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন মতিন রহমান। সাত ভাই ও দুই বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। শান্তাহারে বেড়ে ওঠা এবং স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করে চলচ্চিত্র বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে ১৯৭৩ সালে ঢাকায় আসেন তিনি। সে সময় দেশে চলচ্চিত্র শিক্ষার সুযোগ ছিল সীমিত। কিংবদন্তি নির্মাতা আলমগীর কবির প্রতিষ্ঠিত ঢাকা ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হয়ে চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক পাঠ নেন। পরবর্তী সময়ে এই প্রশিক্ষণই তার পেশাগত পথচলার ভিত্তি তৈরি করে।
চলচ্চিত্রের প্রতি শৈশব থেকেই আগ্রহ ছিল তার। পর্দায় মানুষের আনন্দ-বেদনা, দ্বন্দ্ব ও জীবনযাপনের চিত্র তাকে আকৃষ্ট করত। দর্শক হিসেবে তৈরি হওয়া সেই আগ্রহ একসময় নির্মাতা হওয়ার আকাঙ্ক্ষায় রূপ নেয়। ঢাকায় এসে চলচ্চিত্রের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ ছিল সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম পদক্ষেপ।
১৯৮২ সালে ‘লাল কাজল’ চলচ্চিত্রের মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটে তার। এরপর ‘রাঙা ভাবী’, ‘অন্ধ বিশ্বাস’, ‘তোমাকে চাই’, ‘বিয়ের ফুল’, ‘মাটির ফুল’ ও ‘রং নাম্বার’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। তার চলচ্চিত্রে পরিবার, প্রেম, সামাজিক টানাপোড়েন, সম্পর্কের জটিলতা ও মানুষের জীবনসংগ্রাম উঠে এসেছে।
‘অন্ধ বিশ্বাস’ চলচ্চিত্র পরিচালনার জন্য ১৯৯২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালকের স্বীকৃতি পান মতিন রহমান। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার কর্মজীবনে এটি অন্যতম উল্লেখযোগ্য অর্জন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের গল্প ও চরিত্র নিয়ে কাজের মধ্য দিয়ে দেশের মূলধারার চলচ্চিত্রে পরিচিত নাম হয়ে ওঠেন তিনি।
পরিচালনার পাশাপাশি অভিনয়েও যুক্ত রয়েছেন মতিন রহমান। আজিজুর রহমান পরিচালিত ‘অতিথি’ চলচ্চিত্রে কাজী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়জীবন শুরু হয়। নিজের পরিচালিত ‘স্নেহের বাঁধন’ চলচ্চিত্রে শাবানার স্বামীর ভূমিকায় অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে ‘নারীর মন’ চলচ্চিত্রে শিক্ষক, ‘বউ শাশুড়ীর যুদ্ধ’ চলচ্চিত্রে চিকিৎসক এবং ‘রাক্ষুসী’ চলচ্চিত্রে পূর্ণিমার বাবার চরিত্রে অভিনয় করেন। দিলশাদুল হক শিমুল পরিচালিত ‘লিডার’ চলচ্চিত্রে তাকে খলচরিত্রেও দেখা গেছে।
চলচ্চিত্রকে বিনোদনের পাশাপাশি সমাজ ও সংস্কৃতি অনুধাবনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করেন মতিন রহমান। এ আগ্রহ থেকেই উচ্চতর গবেষণায় যুক্ত হন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রে লোকজ উপাদানের উপস্থিতি ও প্রয়োগ নিয়ে গবেষণা করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। সৃজনশীল কাজের সঙ্গে একাডেমিক গবেষণার এই সংযোগ তার কর্মজীবনে নতুন মাত্রা যোগ করেছে।
১৭ সেপ্টেম্বর ২০০৬ সালে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন মতিন রহমান। এরপর থেকে চলচ্চিত্র নির্মাণের ব্যবহারিক অভিজ্ঞতা ও তাত্ত্বিক বিশ্লেষণকে পাঠদানের সঙ্গে যুক্ত করে কাজ করছেন তিনি। বর্তমানে বিভাগের চেয়ারম্যান হিসেবে পাঠক্রম প্রণয়ন, শিক্ষা ও বিভাগীয় কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখছেন।
চলচ্চিত্র নির্মাণের দীর্ঘ অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পাঠদানেও কাজে লাগাচ্ছেন তিনি। চিত্রনাট্য, চরিত্র নির্মাণ, দৃশ্য পরিকল্পনা ও শুটিংয়ের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পাঠ্যবইয়ের তাত্ত্বিক আলোচনার সমন্বয় ঘটানোর সুযোগ তৈরি হয়েছে তার শিক্ষকতায়।
গত কয়েক দশকে চলচ্চিত্রের প্রযুক্তি, প্রদর্শনব্যবস্থা ও দর্শকের অভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের মধ্যেও নির্মাতা ও শিক্ষক হিসেবে চলচ্চিত্রচর্চায় অবদান রেখে চলেছেন মতিন রহমান। চলচ্চিত্র নির্মাণে সৃজনশীল অবদান, গবেষণা এবং উচ্চশিক্ষায় সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই বিশ্ববিদ্যালয়ের এবারের বিশেষ সম্মাননা পেয়েছেন তিনি।
