সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কালিহাতীতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২০:২২

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়িদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় কালিহাতীর এলেঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদসভায় বক্তারা জুয়ার মুলহোতা ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি জানান। 

আরো পড়ুন: রামগঞ্জে টাকা ছাড়া মিলছে না সরকারি বই 

এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতীর বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সরকারি শামছুল হক কলেজের উপাধ্যক্ষ মো. নয়া মিয়া, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহআলম মোল্লা, এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর বরকত আলী ও এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন প্রমুখ। 

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি ) দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, বার্তাটোয়েন্টিফোর.কম ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো কয়েকজন সাংবাদিক আহত হন। এর প্রতিবাদে জেলাব্যাপী আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। 

ইত্তেফাক/এএএম