মাশরাফি নড়াইলবাসীর জন্য হীরার টুকরা : প্রধানমন্ত্রী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে নড়াইলবাসীর জন্য হীরার টুকরা হিসেবে আখ্যায়িত করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সুধাসদন থেকে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের অয়োজনে নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি যতদিন বেঁচে আছি ততদিন নড়াইলের এমপি হয়ে থাকবো। নড়াইলের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করবো। ২০০১ সালে আমি নড়াইলের দুইটি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলাম। আপনারা আমাকে বিজয়ী করেছিলেন। তাই নড়াইলের প্রতি আমার টান অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।’

প্রধানমন্ত্রী নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান এমপি বিএম কবিরুল হক মুক্তিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে নড়াইলবাসীর প্রতি আহ্বান জানান। নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে জন্মস্থান নড়াইলবাসীকে সেবা করার সুযোগ দিয়েছেন। আপনারা সবাই তার ওপর আস্থা রেখে নৌকা মার্কায় ভোট দেবেন। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিতে নিজ এলাকার জনগণের প্রতি আহ্বান জানান মাশরাফি।’ ভিডিও কনফারেন্স চলাকালে নড়াইলের স্থানীয় বক্তারা জেলায় মেডিক্যাল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল ও গেম ভিলেজ নির্মাণের দাবি জানান। এ নির্বাচনী জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্নার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান এমপি বিএম কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান জিন্নাহ প্রমুখ।