ভোলায় গ্রাহকের টাকা নিয়ে পালিয়েছে এনজিও!

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:১৩

ভুক্তভোগীদের বিক্ষোভ

  ভোলা (উত্তর) প্রতিনিধি

ভোলায় গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে ‘সকস বাংলাদেশ’ নামের একটি ভুয়া এনজিও প্রতারণা করে পালিয়ে গেছে। খবর পেয়ে ভুক্তভোগী গ্রাহকরা এনজিও অফিসের সামনে টাকার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও অবস্থান নিয়েছেন। ভোলার পূর্ব ইলিশা পরানগঞ্জ বাজার সংলগ্ন বিশ্ব রোডের পাশে মীর টাওয়ারের এ ঘটনা ঘটে। গ্রাহক আলিম, ইউসুফ, পারুল বিবি, ফাতেমা, মরিয়ম, আয়েশা, ইয়ানুর, মরিয়ম, পারভিন, হাজেরা, নারগিস, রতন, আক্তার, দিদার মোল্লা, মফিজ মোল্লা বলেন, তারা আমাদের এলাকায় গিয়ে ঋণ দেবে বলে জনপ্রতি ৭৫০০, ৫০০০ ও ৩০০০ সঞ্চয়ের টাকা নিয়েছে। মঙ্গলবার সকালে ঋণ দেওয়ার কথা ছিল। আমরা ঋণ নিতে এসে দেখি অফিসে তালা দেওয়া। 

গ্রামীণ সমাজকল্যাণ পাঠাগারের আহ্বায়ক ইমাম হোসেন কান্টু বলেন, একটি সাইনবোর্ড টানিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঋণ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে প্রায় ১০/১২ লাখ টাকা উত্তোলন করে। প্রতারকরা গ্রাহকদের টাকা নিয়ে রাতে এখান থেকে মালামাল নিয়ে পালিয়ে গেছে। এদিকে বাড়ির মালিক মীর আনোয়ার হোসেন বলেন, আমাদের সঙ্গে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়ে গেছে। ভোলা সদর থানার এসআই রফিকুল ইসলাম ফিরোজ বলেন, খবর পেয়েছি একটি ভুয়া এনজিও গ্রাহকের টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনাস্থলে এসে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করব ভুয়া এনজিও শনাক্ত করে গ্রাহকদের টাকা উদ্ধারের।