পাংশায় চরাঞ্চলবাসীর মধ্যে শীতবস্ত্র বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চরাঞ্চলের সহস্রাধিক শিশুর মধ্যে শীতবস্ত্র ও দুই সহস্রাধিক চরাঞ্চলবাসীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে চরাঞ্চলের চররামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের নির্দেশক্রমে জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুলের সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক কামাল আল মামুন, সাবেক ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চক্ষু চিকিত্সা পেলেন ৩০০ জন হতদরিদ্র
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় মঙ্গলবার দিনব্যাপী ৩০০ জন হতদরিদ্রকে বিনা মূল্যে চক্ষু চিকিত্সা দেওয়া হয়েছে। খন্দকার জাহানারা-কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় ফাউন্ডেশনের হলরুমে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চিকিত্সাসেবা দেওয়া হয়। কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা ক্যাবল টিভির সহসভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল আলম খন্দকার। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কোহিনুর আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. ফাহাদ বিন হোসেন, ডা. খন্দকার শাহীনুর আক্তার শান্তা প্রমুখ।
জাতীয় শিশু প্রতিযোগিতা উদ্বোধন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় মঙ্গলবার জাতীয় শিশু প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। উপজেলা প্রশাসনের উদ্যোগে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে জাতীয় শিশু প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ওসি মো. এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশিদ, অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, অধ্যাপক মো. আব্দুল হালিম, প্রধান শিক্ষক সুশিল চন্দ্র মিস্ত্রি প্রমুখ।
মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদক নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে মঙ্গলবার বাগেরহাটে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেব প্রসাদ পাল প্রমুখ।
সুন্দরগঞ্জে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা সুন্দরগঞ্জে মঙ্গলবার এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে পুষ্টি চাহিদা পূরণে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ শাকসবজি এবং ফল উত্পাদন বিষয় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা।
ভূমি সেবাবিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় মঙ্গলবার দিনব্যাপী ভূমি সেবা বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভূমি অফিসের হয়রানি বন্ধ, দালালমুক্ত ও জনবান্ধব করা এবং ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে উপজেলার ভূমি অফিসগুলোতে এ সেবা দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে গড়ইখালী বাজারে এই ভূমি সেবা বিষয়ক ক্যাম্পের আয়োজন করা হয়। সেবা ক্যাম্প পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এ সময় উপস্থিত ছিলেন গড়ইখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, ভূমি অফিসের কানুনগো মোজাম্মেল হোসেন, সার্ভেয়ার সাকিরুল ইসলাম প্রমুখ।
জাতীয় শিশু প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনায় মঙ্গলবার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত, কবিতা আবৃতি, নাচ, গান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার প্রমুখ।
মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
চাটমোহর (পাবনা) সংবাদদাতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার চাটমোহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. আ. হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়ায় মঙ্গলবার তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এর আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধায়নে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন।
কুলিয়ারচরে শিশুমেলা উদ্বোধন
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কুলিয়ারচরে মঙ্গলবার দুই দিনব্যাপী শিশুমেলা উদ্বোধন করা হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) শীর্ষক কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে ও কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ অডিটোরিয়ামে মেলা উদ্বোধন করেন উপপরিচালক স্থানীয় সরকার কিশোরগঞ্জ মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শামসুল হক।
