আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, নির্বাচন কমিশনকে মনস্তাত্ত্বিক চাপে রাখার জন্যই বিএনপি নানা অভিযোগ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী নির্বাচনকে বানচাল ও ভন্ডুল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের ছলচাতুরি, অভিযোগ করে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি সারাদেশে বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা পরিকল্পিতভাবে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য মিথ্যা-অবান্তর প্রশ্ন তুলে নির্বাচন বানচাল করা।’
বিএনপির পুনঃতফসিলের দাবির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুন:তফসিলের কোন সুযোগ নির্বাচন কমিশনের হাতে নেই।’ নির্বাচন কমিশন কোন কাজ করছে না ঐক্যফ্রন্টের এমন অভিযোগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আব্দুর রহমান বলেন, বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা মুন্সিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, খুলনার পাইকগাছায়, ঢাকা-১৫ আসনে কামাল মজুমদারের নির্বাচনী প্রচারে হামলা করেছে।
ডিসি-ওসি প্রত্যাহার নিয়ে প্রশ্ন
নির্বাচনের আগে প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আব্দুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের এই এখতিয়ার অবশ্যই রয়েছে। তবে নির্বাচন কমিশন যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে, তারা আত্মপক্ষের সমর্থন দেওয়ার সুযোগ হতে বঞ্চিত হয়েছেন।’ তিনি বলেন, ‘একজন অভিযোগ করলেই, তার সত্যতা যাচাই বাছাই না করে, তাকে প্রত্যাহার করা বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আগে অন্য পক্ষের বক্তব্য শোনার বিষয়ে নির্বাচন কমিশন আরও যত্নবান হবেন, আরও সতর্ক হবেন বলে আমরা আশা করি।’
