রপ্তানিতে নগদ সহায়তার আওতা বেড়েছে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:১৮

নতুন করে যুক্ত হলো বিশেষায়িত

টেক্সটাইল ও টেরিটাওয়েল খাত

g ইত্তেফাক রিপোর্ট

চলতি অর্থবছর থেকে চালু হওয়া এক শতাংশ বিশেষ নগদ সহায়তার আওতা বাড়িয়েছে সরকার। নতুন করে টেরিটাওয়েল ও বিশেষায়িত বস্ত্র খাতের রপ্তানিকারকদের এ সুবিধা দেওয়া হবে। গতকাল বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে এ সুবিধা বাতিলসহ কিছু শাস্তিমূলক ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।

নিয়ম বহির্ভূতভাবে কোনো রপ্তানিকারককে নগদ সহায়তার অর্থ পরিশোধ করা হলে কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত পরিশোধকারী ব্যাংকের হিসাব থেকে আদায় করা হবে। এছাড়া এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মী, রপ্তানিকারক সমিতির কোনো কর্মকর্তা জড়িত থাকলে বা মিথ্যা তথ্য দিয়ে অনিয়মে সহযোগিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। চলতি অর্থবছর থেকে সরকার রপ্তানিকারকদের জন্য রপ্তানিমূল্যের ওপর এক শতাংশ হারে বিশেষ নগদ সহায়তা চালু করেছে। গার্মেন্টসসহ অন্যান্য রপ্তানিখাত এ সুবিধা পেয়ে আসলেও আলোচ্য দুইটি খাত এ সুবিধার বাইরে ছিল। অবশ্য স্থানীয় বস্ত্র কারখানার উদ্যোক্তারা বিশেষায়িত বস্ত্র খাতের রপ্তানির পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্ষেত্রে নজরদারির বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।