১৫ দিনের শিশুকন্যা নিয়ে মানববন্ধনে স্ত্রী
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার দেশমুখপাড়া গ্রামের ইজিবাইকচালক অন্তর শেখ (২৬) হত্যা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের কোনো উদ্যোগ নেই। নিহত অন্তরের বাবা তাইজুল মোল্যা বাদী হয়ে দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামিদের নাম উল্লেখ করলেও পুলিশ তাদের ধরছে না। উলটো প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে মামলা প্রত্যাহারের জন্য তাইজুলকে চাপ দিচ্ছে আসামিরা। আসামিদের গ্রেফতারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে মাগুরা শহরের চৌরাস্তায় মানবন্ধন করেছে এলাকাবাসী।
গত ১৯ ডিসেম্বর দুপুরে অন্তরকে শালিখার হরিশপুর নুর ইসলামের বড় বাগানে নিয়ে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। ১৯ দিনেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। গতকালের মানববন্ধনে নিহত অন্তরের মা-বাবা ও স্ত্রী অংশ নেন। অন্তর হত্যাকাণ্ডের দুই দিন পর জন্ম নেয় তার কন্যা। ১৫ দিনের সেই শিশুকন্যাকে কোলে নিয়েই মানববন্ধনে অংশ নেন অন্তরের স্ত্রী আম্বিয়া খাতুন। শিশুটির নাম তারা রেখেছেন অন্তরা। ছোট্ট শিশুটিকে নিয়ে এখন ছেলে হত্যার বিচারের দাবিতে তারা দ্বারে দ্বারে ঘুরছেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, ‘হত্যাকাণ্ডের পর নিহত অন্তরের বাবা তাইজুল মোল্যা যে এজাহার দিয়েছেন, আমরা সেটাই মামলা হিসেবে রেকর্ড করেছি। তিনি এজাহারে সুজন ও হাসিবুল নামে একই গ্রামের দুই জনকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করেছেন। আমরা ঘটনার তদন্ত করে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। তাদের পাওয়া যাচ্ছে না।’ তবে তাইজুল মোল্যা অভিযোগ করেছেন, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্যও হুমকি দিচ্ছে।
