জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘চাঁদের হাট’-এর প্রতিষ্ঠাতা ছড়াকার কবি ও সাংবাদিক রফিকুল হক দাদুভাইয়ের ৮৪তম জন্মদিন আজ। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশের প্রথম ছড়াটি লেখার কৃতিত্বের অধিকারী তিনি।
দাদুভাই একজন সুখ্যাত নাট্যকার ও গীতিকারও। টেলিভিশন ও বেতার মাধ্যমে তার লেখা অসংখ্য বড়োদের ও ছোটোদের নাটক ও শিশুতোষ গান দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। মরমী সংগীতশিল্পী আবদুল আলীমের কণ্ঠে তার লেখা গান ‘নাইয়ারে নায়ের বাদাম তুইলা, কোন দূরে যাও চইলা’ আজও সাধারণ মানুষের প্রিয় গান। রফিকুল হক দাদুভাইয়ের জন্ম ৮ জানুয়ারি ১৯৩৭ সাল। পিতা মরহুম ইয়াসিন উদ্দিন আহম্মদ। মাতা মরহুমা রহিমা খাতুন। পৈতৃক নিবাস রংপুর শহরের কামালকাচনায়। আদিনিবাস ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার শহরে। প্রথম স্ত্রী মুক্তিযোদ্ধা হামিদা হকের মৃত্যুর পর তিনি কবি ফাতেমা হকের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন।
দাদুভাই সাহিত্য কর্মের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশীপ লাভ করেন। এছাড়া শিশু একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবর্তী একাডেমি পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তার জন্মদিন উপলক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশকিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে কবি নাসির আহমেদকে আহ্বায়ক করে গঠিত ৮৪তম জন্মোত্সব উদ্যাপন পরিষদের আয়োজনে ঢাকার তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আজ বিকালে মিলনমেলার আয়োজন করা হয়েছে।
