গত বছর ৮টি আন্তঃনগর ট্রেন চালু ও রুট বেড়েছে ৩টি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২২:০৬

বিশেষ প্রতিনিধি

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, গত বছর  সারাদেশে মোট আটটি আন্তঃনগর ট্রেন চালু এবং তিনটি রুট বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার রেলভবনের সম্মেলন কক্ষে সরকারের এক বছরপূর্তি উপলক্ষ্যে রেলের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেললনে তিনি এসব কথা জানান। রেলপথমন্ত্রী বলেন, আগামী মার্চে বঙ্গবন্ধু-২ রেলসেতুর কাজ শুরু হবে। এতে দেশের পশ্চিম অঞ্চলের জনগণের দুর্ভোগ আরো কমে আসবে। এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, ২০১৯ সালে ১২৯টি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। আর আহত হয়েছেন ১৫৫ জন।

রেলপথমন্ত্রী জানান, ভারতীয় রেলওয়ে থেকে ১০টি মিটারগেজ এবং ১০টি ব্রডগেজ লোকোমোটিভ বিনা ভাড়ায় সংগ্রহের কাজ চলমান রয়েছে; যা শিগগিরই দেশে আনা হবে।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘দুর্নীতিমুক্ত রেলব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ রেলওয়েতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে।

রেলপথমন্ত্রী আরো বলেন, ১০ জানুয়ারি থেকে কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। আন্তঃনগর কিছু ট্রেনের নতুন করে কিছু স্টেশনে বিরতি দেওয়া হবে এবং কিছু স্টেশন থেকে বিরতি বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, আগামী ২৬ জানুয়ারি নতুন ট্রেন চালু করা হবে। ঢাকা-জামালপুর রুটে নতুন জামালপুর এক্সপ্রেস চালু হবে। পাবনা এক্সপ্রেস ট্রেনের রুট ঢালারচর পর্যন্ত এবং ফরিদপুর-রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে চলাচলকারী ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের রুট ভাঙা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এছাড়া উদয়ন এক্সপ্রেসে নতুন কিছু কোচ প্রতিস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো উদ্বোধন করবেন।