২০০১ সালের কথা আমরা ভুলে যাইনি ------- পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:৪৫

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস এমপি বলেছেন, ২০০১ সালের কথা আমরা ভুলে যাইনি। ওই সময়ে সারা দেশে  আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপর অনেক মামলা হামলা হয়েছে। আমার বিরুদ্ধে মামলা হয়েছে। মেরে ফেলতে চেয়েছিল। আমার নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩ হাজার ৫ শত মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলা মোকাবেলা করতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে। আমি ক্ষমতায় এসে কারো বিরুদ্ধে কোনো মামলা দায়ের করিনি। পরিকল্পনামন্ত্রী গতকাল বৃহস্পতিবার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা, রায়কোট, মৌকারা ও ঢালুয়া ইউনিয়নের  বিভিন্ন স্থানে  গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে সালাম জানিয়ে আরো বলেন, শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে অনেক কাজ শুরু করেছেন। এ কাজগুলো সম্পন্ন করতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো  বলেন, আমরা আবার ক্ষমতা আসলে গ্রামকে শহরে রূপান্তরিত হরা হবে। ২০৪১ সালে বাংলাদেশকে পৃথিবীর উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সক্ষম হবো। নাঙ্গলকোটের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আগামীতে দেশের কোথাও গ্যাস আসলে নাঙ্গলকোটে সেটা দেওয়া হবে। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক রফিকুল হোসেন চেয়ারম্যান, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউসুফ, নাঙ্গলকোট পৌরসভা মেয়র আবদুল মালেক প্রমুখ। মন্ত্রী গত বুধবার উপজেলার সাতবাড়িয়া, বক্সগঞ্জ, দৌলখাঁড় ও বটতলী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।