নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের আদালতে জামিননামা দাখিল করেছেন সংসদ সদস্য শামীম ওসমান অনুসারী আট নেতা। গতকাল নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে এই জামিননামা দাখিল করা হয়। তারা হলেন—নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত্ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন ও চঞ্চল মাহমুদ। এর আগে তারা হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পান। তখন উচ্চ আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছিল চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে জামিননামা দাখিল করতে হবে। এই মামলার মূল আসামি নিয়াজুল ইসলাম দেশের বাইরে থাকায় উচ্চ আদালত থেকে তিনি জামিন নেননি।
২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার বসানোকে কেন্দ্র করে মেয়র আইভী ও তার অনুসারীদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটে। ২২ মাস ১৮ দিন পর ৪ ডিসেম্বর আদালত আইভীকে হত্যাচেষ্টার অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে। এরপর ৫ ডিসেম্বর সদর থানা পুলিশ মামলা রেকর্ড করে। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সকলেই আওয়ামী লীগ নেতা।
