বন্দরে বেদেপট্টিতে ডাকাতি গুলিতে শিশুসহ আহত ৩

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০০:১৪

গতকাল মঙ্গলবার ভোরে বন্দরের চরধলেশ্বরী বেদেপট্টিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে শিশুসহ তিন জন আহত হয়েছে। আহতদের দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো—পিপন মিয়া (৩৫), নূর মোহাম্মদ (৬০) ও সাহিলা (১০)। ডাকাতরা প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা গেছে, বন্দরের চর ধলেশ্বরী বেদেপট্টিতে ভোরে ১৫/২০ জনের মুখোশধারী ডাকাতদল জুনাই ব্যাপারীর বাড়িতে হানা দিয়ে বাড়ির লোকজনকে মারধর করে দুইটি মোবাইলসহ নগদ ১ লাখ ৬৬ হাজার টাকা লুটে নেয়। ডাকাতদের বাধা দিলে ডাকাতরা পিপন, নূর মোহাম্মদ ও শিশু সাহিলাকে মারধর করে পালিয়ে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় তিন জন আহত হয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম ডাকাতির ঘটনা নিশ্চিত করে বলেন, ডাকাতরা ট্রলার চালকের বাড়ি থেকে একটি গরু বিক্রির টাকা লুট করার জন্য হানা দেয়। তবে এ ঘটনায় ডাকাতদের ছোড়া গুলিতে শিশুসহ তিন জন আহত হয়েছে। ডাকাতরা শীতলক্ষ্যা নদীপথে এসে চর ধলেশ্বরী এলাকায় ডাকাতির ঘটনা ঘটায়। তারা পুনরায় নদীপথেই পালিয়ে যায়। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে।