দুর্নীতি সব অর্জনকে ধ্বংস করে দেয় -------------- দুদক চেয়ারম্যান

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০০:২৪

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি সমাজের সকল অর্জনকে কুরে কুরে ধ্বংস করে দেয়, এমনকি মানুষের সক্ষমতাকেও দুর্বল করে দেয়। তাই দুর্নীতি অনেকটা ক্যানসারের মতো।

গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে অক্সফাম বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঐ মতবিনিময় শেষে দুর্নীতি প্রতিরোধে অন্তর্ভুক্তিমূলক অভিগমনের কাঠামো বিন্যাস নিয়ে দুদক ও অক্সফাম বাংলাদেশের পারস্পরিক সমঝোতা স্মারক হয়।

এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আরো বলেন, দুদক দুর্নীতি নিয়ন্ত্রণে দুর্নীতি ঘটার আগেই বাধা দিচ্ছে, প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, জনগণকে সচেতন করছে এবং সর্বশেষ অপরাধ ও অপরাধী শনাক্ত করে তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করাচ্ছে। তিনি বলেন, কমিশন প্রতিদিন গড়ে  প্রায় ১৫টি  দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করছে এবং এর মাধ্যমে দুর্নীতি ঘটার আগেই তা প্রতিহত করার চেষ্টা করছে। অক্সফাম বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রিডিরেক্টর মোস্তফিজুর রহমান অক্সফাম বাংলাদেশের ছয় সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল, পরিচালক নাসিম আনোয়ার, উত্তম কুমার মন্ডল প্রমুখ।