পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে ‘অতিরিক্ত মদ পানে’ দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অসুস্থ অপর একজনকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা হলেন-ওই গ্রামের আতাউর রহমানের ছেলে আনোয়ার হোসেন কাজল (৫০) ও জাহের শেখের ছেলে সেলিম হোসেন (৩৩)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন কাজল, সেলিম হোসেন ও একই গ্রামের রাজ্জাকের ছেলে রেজাউল (৩৩) অতিরিক্ত মদ পান করে। এরপর তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় রাত ১১ টার দিকে নিজ বাড়িতে কাজল মারা যান। আর সেলিমকে আশংকাজনক অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে রাত ১ টার দিকে তার মৃত্যু হয়। রেজাউল পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: কারাগারেই পিঠা খাওয়ার ইচ্ছে পূরণ
এলাকাবাসী আরও জানান, মৃত ব্যক্তিরা প্রায়ই ওই এলাকায় মদ পান করত।
তবে নিহতরা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে মারা গেছেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন,‘ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে।’
ইত্তেফাক/এএএম
