কেশবপুর (যশোর) সংবাদদাতা
কেশবপুরের ঐতিহ্যবাহী বাঁওড় মর্শ্মিনার দখল নিয়ে মত্স্যজীবীদের দুই পক্ষের দুই দফা সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জাহানপুর মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি অপূর্ব সরকার বাদী হয়ে মঙ্গলবার রাতে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-ছয় জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন।
মত্স্যজীবী সমিতির সাধারণ সম্পাদক রাজ কুমার সরকার বলেন, বাঁওড় নিয়ে বিরোধে প্রতিপক্ষরা সমিতির সদস্য গুরুপদ সরকারকে পিটিয়ে আহত করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈদ বলেন, মঙ্গলবার রাতে মত্স্যজীবী সমিতির পক্ষে অপূর্ব সরকার থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। তদন্ত চলছে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিব মাহমুদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানকে জাহানপুর মত্স্যজীবী সমবায় সমিতিকে বাঁওড়ের দখল বুঝে দেয়ার কথা বলা হয়েছে। এছাড়া অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়েছে।
