খুলনাকে জেতালেন বোলার ফ্রাইলিংক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

লোকে তাকে বড়ো বড়ো ছক্কার জন্যই মনে রাখে। কিন্তু রবি ফ্রাইলিংকের আসল পরিচয়—বোলিং অলরাউন্ডার। বিশাল দেহী এই মানুষটি গতকাল সেই বোলিংয়েই জ্বলে উঠলেন। ক্যারিয়ার সেরা বোলিং করে খুলনাকে এনে দিলেন খুব দরকারি একটা জয়।

রাইলি রুশোর ব্যাটিং ও ফ্রাইলিংকের বোলিংয়ে ভর করে কুমিল্লা ওয়ারিয়র্সকে ৩৪ রানে হারাল খুলনা। এই জয়ের ফলে সেরা চারের লড়াইয়ে টিকে রইল মুশফিকুর রহিমের খুলনা। আবার কুমিল্লাও এখনো ছিটকে যায়নি লড়াই থেকে।

কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান ম্যাচশেষে পরাজয়ের কারণ বলতে গিয়ে বলছিলেন, সৌম্য ও সাব্বিরের জুটিটা কাজে লাগাতে না পারায় তারা ব্যর্থ হয়েছেন, ‘আমরা বোলিং খুব ভালো করতে পারিনি। বেশ কিছু রান বেশি দিয়ে ফেলেছি। ব্যাটিংয়ে সম্ভাবনা ছিল। সাব্বির ও সরকার (সৌম্য) খুব ভালো ব্যাট করছিল। এই সময় আমরা ম্যাচ জেতার মতো অবস্থায় ছিলাম। কিন্তু ওখান থেকে সরকার আউট হয়ে গেল। ক্রিকেটে এটা হতেই পারে। আর ওখান থেকেই আমরা ছিটকে গেছি।’

ম্যাচ হেরে গেলেও কুমিল্লার একটা প্রাপ্তি ছিল সাব্বির রহমান রুম্মনের রানে ফেরা। আগের ম্যাচেই ফর্মহীনতার কারণে একাদশের বাইরে চলে গিয়েছিলেন। মালান বললেন, টিম কম্বিনেশনের কারণে গতকাল আবার ফেরানো হয়েছে সাব্বিরকে। আর ফিরেই অসাধারণ এক ৬২ রানের ইনিংস খেলেছেন। মালান বলছিলেন, ‘ওর ইনিংস নিয়ে আলোচনা করা কঠিন। আগের ম্যাচেই সে রান করতে না পেরে বাদ পড়েছিল। এবার ফিরেই অসাধারণ একটা ইনিংস খেলেছে। ও দারুণ ছিল।’

আগে ব্যাট করা খুলনা মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৯ রান করে। ভালো একটা ভিত গড়ে দিয়ে যান দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। শান্ত ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। আর মিরাজ ৩৯ বলে ৩৯ রান করেন। তবে আসল কাজটা করেন রাইলি রুশো। তিনি ৩৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় সাজিয়ে ৭১ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলার পর সৌম্যকে নিয়ে দারুণ এগোচ্ছিলেন ইনিংস শুরু করা সাব্বির। সৌম্য ২২ রান করে আউট হয়ে যান। এরপর ইয়াসির আলী ১৫ বলে ২৭ করেন। এখান থেকে সাব্বিরকে আর কেউ সঙ্গ দিতে পারেননি। সাব্বির ৩৯ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করেন।

কুমিল্লাকে গুঁড়িয়ে দেন ফ্রাইলিংক। তিনি মাত্র ১৬ রান ব্যয় করে ৫ উইকেট তুলে নেন।

রবি ফ্রাইলিংক

ওভার ৪

রান ১৬

উইকেট ৫

সংক্ষিপ্ত স্কোর : খুলনা টাইগার্স : ২০ ওভারে ১৭৯/২ (রুশো ৭১*, মিরাজ ৩৯, শান্ত ৩৮, মুশফিক ২৪*)। কুমিল্লা ওয়ারিয়র্স : ১৮.২ ওভারে ১৪৫/১০ (সাব্বির ৬২, ইয়াসির ২৭, সৌম্য ২২; ফ্রাইলিঙ্ক ৫/১৬, আমির ২/১৮)। ফল : খুলনা টাইগার্স ৩৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রবি ফ্রাইলিংক।