প্রতিপক্ষ শ্রীলঙ্কাও মুগ্ধ ভারতে

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:৩০

স্পোর্টস ডেস্ক

জাসপ্রিত বুমরাহর জন্য ফেরার মঞ্চ প্রস্তুত করে রেখেছিল ভারত। কিন্তু, সেই মঞ্চে আলো ছড়ালেন আরেক তরুণ পেসার। তিনি হলেন নবদ্বীপ সাইনি। শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভার বোলিং করে মাত্র ১৮ রান দিয়ে তিনি নিয়েছেন দুই উইকেট। এর সুবাদে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সাত উইকেটে বিশাল জয় পেয়েছে বিরাট কোহলির ভারত।

বুমরাহ অনেক দিন বাদে ফিরে আলো ছড়াতে পারেননি তেমন। তিনি চার ওভারে ৩২ রান গুনে উইকেট পেয়েছেন চারটি। গেল আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে ক্রিকেটের বাইরে ছিলেন বুমরাহ। কারণ, কোমরের স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছিলেন তিনি। খেলতে পারেননি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে।

অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে সাইনির পারফরম্যান্সে নতুন করে চাপ বাড়ল ভারতের নির্বাচকদের ওপর। কারণ, তিন পেসার ভুবনেশ্বর কুমার, মোহম্মদ শামি ও বুমরাহর যাওয়াটা নিশ্চিত। নবদ্বীপ এমন পারফরম্যান্স এই পারফরম্যান্স নতুন করে উত্তেজনা বাড়ল। সঙ্গে আছেন শার্দুল ঠাকুর। তিনিও গতকাল ছিলেন দারুণ ফর্মে। চার ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়ে তিনি নিয়েছেন তিনটি উইকেট। দীপক চাহার, খলিল আহমেদরা ইনজুরির কারণে আছেন দলের বাইরে।

চাপের কথা মানছেন কোহলিও। তবে, তিনি এটাকে দেখছেন ইতিবাচক দৃষ্টিকোণ থেকে। বললেন, ‘এটা দারুণ একটা অনুভূতি আমাকে দিচ্ছে। দলের তরুণরা সামনে এগিয়ে আসছে। চাপ নিতে শিখছে। দায়িত্ব মাথায় নিয়ে পারফরম করছে। ম্যাচটা শেষ করে বের হচ্ছে। একটা পজিশনের জন্য তিন-চার জনের মধ্যে লড়াই চলছে। এটা ইতিবাচক ব্যাপার। এটাই প্রমাণ করে দল হিসেবে আমরা নিজেদের কোথায় নিয়ে গিয়েছি।’

১৪৩ রানের লক্ষ্য ১৫ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে বিরাট কোহলির দল। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আগামীকাল শুক্রবার পুনেতে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এমন পারফরম্যান্সের দিনে প্রতিপক্ষের কোচ মিকি আর্থারের কণ্ঠেও ছিল ভারতের তরুণ প্রজন্মের জন্য প্রশংসা। ৫১ বছর বয়সি এই প্রোটিয়া বলেন, ‘এই মুহূর্তে ভারতের এই দলটা দারুণ একটা সময় কাটাচ্ছে। তরুণদের পারফরম করতে দেখাটা খুবই দৃষ্টিনন্দন ব্যাপার। ওরা গুরুত্বপূর্ণ সব সময়ে দারুণ দায়িত্বপূর্ণ অবদান রাখছে দলের হয়ে। ওদের হাতে দল থাকলে বলে দেওয়া যায় যে, দলের ভবিষ্যত্ উজ্জ্বল।’ দু’দলের শেষ ম্যাচ আগামীকাল শুক্রবার।