শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকৃত খামার ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ দুধ উত্পাদনে খামারিদের উত্সাহ দেওয়ার লক্ষ্যে নিজস্ব চুক্তিভিত্তিক চাষিদের পুরস্কৃত করেছে প্রাণ ডেইরি লিমিটেড। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খামার পরিচালনা, দীর্ঘ সময় ধরে প্রাণ ডেইরিকে দুধ সরবরাহ, ক্ষুদ্র খামার থেকে বৃহত্ খামার গড়ে তোলাসহ পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে প্রাণ ডেইরির চুক্তিভিত্তিক খামারিদের মধ্যে ১৫ জনকে পুরস্কৃত করা হয়। গতকাল বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ প্রাণ ডেইরি কমপ্লেক্সে কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তিনি দুধের উত্পাদন বৃদ্ধি করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও খামারিদের সহজে ঋণ প্রদানে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, শাহজাদপুরের উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান প্রমুখ।
পাবনার চাটমোহর, নাটোরের গুরুদাসপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর ও বাঘাবাড়ি ও রংপুরে প্রাণের ডেইরির মোট পাঁচটি হাব রয়েছে। এসব হাবের অধীন ১০১টি দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র রয়েছে। প্রাণ ডেইরির বর্তমানে ১২ হাজার চুক্তিভিত্তিক চাষি রয়েছে যারা গরু পালন করে।
