নির্বাচন বানচালের জন্য রিটার্নিং অফিসারদেরকে হত্যাসহ নানারকম হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও নগরীর ছয়টি আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. আবদুল মান্নান। দেশ, বিদেশের নানা স্থান থেকে টেলিফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে সকল রিটার্নিং অফিসারকে ‘প্রতিটি মুভমেন্টে’ নিরাপত্তা দিতে তিনি পুলিশকে অনুরোধ করেছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় আইন-শৃঙ্খলা ও আঞ্চলিক টাস্কফোর্স সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে নানা ধরনের আশঙ্কা ব্যক্ত করে বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে অবৈধ অস্ত্রের চালান আসতে পারে। ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাধা প্রদানের পাশাপাশি নকল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মাস্টারপ্ল্যান আছে- এমন সংবাদও আছে। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে অস্ত্র উদ্ধার অভিযান ও আইন-শৃঙ্খলা বাহিনীর তত্পরতা আরো জোরদার করা হবে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচনের আগে ও পরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপসহ দেশে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য জানুয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থানে থাকতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে সড়ক, নৌপথ ও সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের সঙ্গে অস্ত্রের চালান আসতে পারে। বিভিন্ন ধরনের অপরাধের ঘটনাও বৃদ্ধি পেতে পারে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক সভায় বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই। রিটার্নিং অফিসারকে হুমকি ও নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
