সমস্যা যখন নাক ডাকা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:৫৩

ডা. তানজিয়া নাহার তিনা

সারাদিনের ক্লান্তি শেষে রাতের ঘুম খুবই প্রয়োজন। কিন্তু পাশের সঙ্গীর নাক ডাকার অভ্যাস নি:সন্দেহে হতে পারে বিরক্তিকর। গবেষণায় দেখা যায়, মধ্যবয়স্ক পুরুষ কিংবা নারী নাক ডাকার এই সমস্যায় ভুগে থাকেন। নারীদের তুলনায় পুরুষদের এই অভ্যাস বেশি। আপাতদৃষ্টিতে ক্ষতিকর বলে মনে না হলেও নাক ডাকার অভ্যাস হতে পারে বিভিন্ন রোগের লক্ষণ। বিভিন্ন কারণে নাক ডাকতে পারেন যেকোনো বয়সি মানুষ। ঘুমের সময় শ্বাসপ্রশ্বাস চলাচলের পথে কোনো বাধা যা কম্পনের সৃষ্টির ফলে উত্পন্ন হয় শব্দ। এর মধ্যে আবার জন্মগত কারণে নাক, শ্বাসনালী কিংবা গলার পেশীর কোনো সমস্যা থাকলেও নাক ডাকার ঘটনা ঘটতে পারে। এছাড়া ওজন বৃদ্ধি, হরমোনজনিত কারণে থাইরয়েড ও গ্রোথ হরমোন সম্পর্কিত সমস্যা দেখা দেওয়া, ধূমপান কিংবা মদ্যপানের অভ্যাস, বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ সেবন করলেও এ সমস্যা হতে পারে। এছাড়া স্লিপ অ্যাপনিয়াও নাক ডাকার অন্যতম কারণ বলে চিকিত্সকদের মত।

তবে কিছু কিছু কৌশল মেনে চললে নাক ডাকার মতো এই বিরক্তিকর অভ্যাস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। যেমন : রাতের খাবার ঘুমুতে যাওয়ার দুই থেকে আড়াই ঘণ্টা পূর্বে খেয়ে নেওয়া, চা-কফি যতটা সম্ভব পরিহার করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, ঘুমের সময় চিত হয়ে না শুয়ে কাত হয়ে শোওয়ার অভ্যাস করা এবং নাক কিংবা শ্বাসনালীর কোনো সমস্যায় চিকিত্সকের পরামর্শ গ্রহণ করা।

লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ