ফতুল্লায় অগ্নিকাণ্ডে দগ্ধ মা ও মেয়ের মৃত্যু

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ০০:৩১

ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৯ জনের মধ্যে মা ও মেয়ে মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বাকি ৭ জন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন— মা হরি দাসী (৫৫) ও তাঁর মেয়ে সুমিত্রা দাস (২৭)। নিহতরা চাঁদপুর মতলব এলাকার মৃত কিশোর দাসের স্ত্রী ও মেয়ে।

চিকিত্সকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হরি দাস ভোরে এবং সুমিত্রা দাস সকাল ১০টায় মারা যান। অন্যরা চিকিত্সাধীন রয়েছে। গত বুধবার ভোরে ফতুল্লার কোতায়ালের বাগ এলাকার ফেরদৌসী মঞ্জিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে শাওনের শরীরের ৪৫ ভাগ, অর্পিতের ৪৫ ভাগ, অনামিকার ৪০ ভাগ পুড়ে গেছে। এছাড়াও অন্যদের শরীরের ১৫ থেকে সর্বোচ্চ ২০ ভাগ পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ধারণা করা যাচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। দরজা জানালা বন্ধ করে সকলেই ঘুমিয়ে ছিলেন। এর মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পরে। এতে সবাই দগ্ধ হন।