বেনাপোল রেল স্টেশনে কন্টেইনার টার্মিনাল চালুর দাবি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২২:১৬

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বেনাপোল স্থলবন্দরের পাশাপাশি রেলপথেও আমদানি-রপ্তানি বাণিজ্য প্রসারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু অবকাঠামোগত উন্নয়ন সমস্যায় খুঁড়িয়ে চলছে বাণিজ্যিক কার্যক্রম। ফলে ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তেমনি সরকারও বঞ্চিত হচ্ছে রাজস্ব আয় থেকে। ১৯৯৯ সালে বেনাপোল রেলপথে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য শুরু হয়। সড়কে যানজটসহ বিভিন্ন ভোগান্তির কারণে দিন দিন রেলপথে বাণিজ্যে ব্যবসায়ীদের আগ্রহ বাড়তে থাকে। কিন্তু বাণিজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হওয়ায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। বিশেষ করে সংকীর্ণ রেলপথ ও ইঞ্জিন সংকট প্রধান বাধা।

বেনাপোল সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান জানান, বেনাপোল স্টেশনে কন্টেইনার টার্মিনাল চালু হলে এ পথে আমদানি বাণিজ্য যেমন আরো বাড়বে তেমনি বাণিজ্য সহজ হবে। এছাড়া পদ্মা সেতু চালু হলে রেলপথ আরো প্রশস্ত হবে।

তিনি আরো বলেন, রেল স্টেশনে পর্যাপ্ত ইয়ার্ড ও ইঞ্জিন না থাকায় পণ্য নিয়ে রেল কার্গো দিনের পর দিন দাঁড়িয়ে থাকে। এছাড়া বেনাপোল স্টেশনে পণ্য খালাসের কোনো ব্যবস্থা নেই। বেনাপোল থেকে ৫০ কিলোমিটার দূরে নওয়াপাড়ায় নিয়ে পণ্য খালাস করতে হয়। ভোগান্তির কারণে অনেকে এ স্টেশন ছেড়ে অন্য স্টেশনে চলে যাচ্ছেন। বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন হলে এ পথে বাণিজ্য আরো বাড়বে। আর সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।